Cholo Bangladesh
বাংলা
ENGLISH
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
নিরাপদ ও মানবিক বাংলাদেশের নির্বাচনী ইশতেহার
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দ্বিতীয় ভাগ : আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়
তৃতীয় ভাগ : টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান
চতুর্থ ভাগ : স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন
পঞ্চম ভাগ : মানবসম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন
সপ্তম ভাগ : যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ
শিল্প

ভিশন : দেশীয় কাঁচামালে স্বনির্ভর শিল্প

• ওষুধ শিল্প : বিদেশি কাঁচামাল নির্ভর (৯৮%) ওষুধের শিল্পের দেশীয় কাঁচামাল তৈরিতে ওষুধ কোম্পানিগুলোকে কর সুবিধা দেওয়া হবে। ওষুধের কাঁচামাল তৈরির কারখানায় গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। দেশে আন্তর্জাতিক মানের বায়োইকুইভ্যালেন্স টেস্ট ল্যাব (Bioequivalence Test Lab) প্রতিষ্ঠার মাধ্যমে ওষুধের গুণগত মান নিশ্চিত করা হবে।

• গাড়ি প্রস্তুত কারখানা : মোটর ও মোটরসাইকেল যন্ত্রাংশ তৈরি করতে প্রয়োজনীয় বিশেষ প্রকারের স্টিল এবং এলয় (alloy) আমদানিতে শুল্ক কমিয়ে আনা হবে। এক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে সেসব আমদানিকৃত পণ্য বাইরে বিক্রি বন্ধ করা হবে। একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে যেখানে বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপক, গবেষক, ব্যবসায়ীদের সমন্বয়ে গবেষণা টিম গঠন করে রপ্তানি উপযোগী গাড়ি প্রস্তুতির জন্য দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া হবে।

• ফলমূল ও সবজি প্রক্রিয়াজাতকরণ : এলাকাভিত্তিক বিভিন্ন ফল ও সবজির প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠায় সহায়তা করা হবে (যেমন, রাজশাহীতে আমের জুস, লিচুর জুস তৈরির কারখানা; ঠাকুরগাঁওয়ে আলুর চিপস, টমেটো সস; গাজীপুরে কাঠালভিত্তিক শিল্প)।

• ক্ষুদ্র ও কুটিরশিল্প : রপ্তানিমুখী ক্ষুদ্র ও কুটিরশিল্প বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের সংমিশ্রণ ঘটিয়ে আন্তর্জাতিক মানের পণ্য তৈরির ব্যবস্থা করা হবে।

• চামড়াশিল্প : চামড়ার ন্যায্য দাম নির্ধারণ করে গরিব, ক্ষুদ্র ব্যবসায়ী ও চামড়াশিল্পের মালিক সবার স্বার্থ রক্ষা করা হবে। চামড়া কারখানাগুলোর পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, ইটিপি বিশ্বমানের করার লক্ষ্যে আলাদা টাস্ক ফোর্স গঠন করে চামড়াশিল্পের মানসনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) থেকে স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করা হবে

• ক্ষুদ্র ও মাঝারি শিল্প : ঢাকা শহরের পাশে শিল্প জোন করে পুরাতন ঢাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো স্থানান্তর করা হবে। শিল্পমালিকদেরকে সুলভ মূল্যে প্লট বরাদ্দ, সহজ শর্তে ঋণ এবং টেকনোলজি আপগ্রেডেশনের জন্য টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে।

• পাট এবং পাটজাত দ্রব্য : কাঁচা পাট এবং পাটের সুতা রপ্তানির চেয়ে পাটজাত পণ্য রপ্তানি অধিক লাভজনক বিধায় আধুনিক মেশিন ব্যবহার করে পাটের কাপড়, পাটজাত ফ্যাশন সামগ্রী, পাটজাত বিলাসবহুল পণ্য তৈরির জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে শিল্প-কারখানা গড়ে তোলা হবে।

• গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা : শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে যা দেশের বিভিন্ন শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে তার টেকসই সমাধান বের করা, নতুন শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রগুলো খুঁজে বের করা, বিদ্যমান শিল্প-কারখানার পরিধি বাড়ানোর জন্য পরামর্শ এবং টেকনোলজি সহায়তা দেওয়া এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।