ভিশন : সহনশীল ও ঐক্যমতের রাজনৈতিক সংস্কৃতির বিকাশ
• জনগণের বিদ্যমান নানা সমস্যার ইতিবাচক ও সহনশীল সমাধানে ‘সেবাধর্মী রাজনীতি’ ও একটি গঠনমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হবে।
• রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে ও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে সুন্দর, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় আইনগত সংস্কারসহ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) পরিবর্তন আনা হবে।
• ফ্যাসিবাদী দল ও নেতাদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।
• রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন রাজনৈতিক অর্থনীতি গড়ে তোলার অংশ হিসেবে, আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে (আসন ও ভোটের সংখ্যানুপাতে) রাষ্ট্রীয় তহবিল থেকে বার্ষিক বরাদ্দ দেওয়া হবে।
• ক্ষমতাসীন বা প্রভাবশালী যে কারো পক্ষ থেকে রাজনীতির নামে চাঁদাবাজি বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।
• আমরা জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও তা ধরে রাখার জন্য আমরা সচেষ্ট থাকব। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী অথবা নিবন্ধিত দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের আয়োজন করা হবে।
• রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবেশ সৃষ্টিকারী যেকোনো ঘটনার দ্রুত সমাধানে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে।
• তরুণ/তরুণীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ‘সেবাধর্মী রাজনীতি’ বিনির্মাণে রাজনৈতিক কর্মশালা ও রাজনৈতিক শিক্ষার/সচেতনতার বিস্তার ঘটানো হবে।
• আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে চিন্তা, মতামত প্রকাশ এবং নিজেকে বিকশিত করতে পারে।