ভিশন : সুশাসন নিশ্চিতকরণ, আমাদের অঙ্গীকার
• জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে একটি নতুন বাংলাদেশ গড়তে শাসনব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসা হবে।
• আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে যেসব আইন ও নীতিমালায় বৈষম্য বিদ্যমান, সেগুলো দ্রুত সংস্কার বা বাতিল করা হবে।
• সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে সরকার পরিচালিত হবে। সকল স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে।
• তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। জামায়াত সরকার গঠন করলে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ও প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করা হবে।
• শাসনক্ষমতাকে জনগণের পক্ষ থেকে একটি ‘আমানত’ হিসেবে বিবেচনা করা হবে, যা একজন নাগরিক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের ওপর অর্পণ করেন।
• ৬৪ জেলা শহর এবং ৫০০ উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। রাজধানী ঢাকাকে একটি স্মার্ট রাজধানী এবং কমার্শিয়াল সেন্টার চট্টগ্রামকে যুগোপযোগী ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
• প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়মতান্ত্রিক জবাবদিহিতার পাশাপাশি দলের পক্ষ থেকে একটি স্বাধীন জবাবদিহিমূলক কাউন্সিল গঠন করা হবে, যেখানে প্রতি মাসে সংশ্লিষ্টরা তাদের কাজের অগ্রগতির প্রতিবেদন ও সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন।
• উন্নয়ন পরিকল্পনা হবে সারাদেশব্যাপী, সকলের অংশগ্রহণমূলক, টেকসই, পরিবেশবান্ধব এবং জনগণের মৌলিক প্রয়োজন এবং ভবিষ্যতের লক্ষ্যভিত্তিক।
• নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে।
• অন্যান্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে মন্ত্রিসভায়।