ভিশন : পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিতকরণ
· জাতীয় উন্নয়ন ও দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় দেশের পানি সম্পদের সর্বোত্তম ও টেকসই ব্যবহারের জন্য সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কাঠামো জোরদার করা হবে।
· নদীর নাব্যতা ও প্রাকৃতিক প্রবাহ সংরক্ষণের লক্ষ্যে পরিবেশসম্মত ও টেকসই নদী ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করা হবে।
· তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও পদ্মা নদীর উজানে গঙ্গা ব্যারেজ নির্মাণের সমীক্ষা পরিচালনা করা হবে
· ঢাকার চারপাশের চারটি নদীকে রাজধানীর লাইফলাইন হিসেবে বিবেচনা করে দূষণমুক্তকরণ, নাব্যতা সংরক্ষণে বিশেষ ও সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
· কৃষি খাতে পানি সাশ্রয়ী প্রযুক্তি, যেমন আধুনিক সেচ পদ্ধতি ও দক্ষ পানি ব্যবহারের কৌশল, বিস্তৃতভাবে সম্প্রসারণ করা হবে।
· গ্রাম ও শহর উভয় পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারে উৎসাহ প্রদান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
· জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ, চরম আবহাওয়া বা জরুরি পরিস্থিতিতে মোবাইল ও কমিউনিটি ভিত্তিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করা হবে।
· বন্যাপ্রবণ এলাকায় খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন এবং জলাশয় পুনরুজ্জীবনের মাধ্যমে প্রাকৃতিক পানি ধারণ ও নিষ্কাশন ব্যবস্থা শক্তিশালী করা হবে।
· দুর্যোগপ্রবণ অঞ্চলে দুর্যোগকালীন উদ্ধার, সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠন এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।
· আন্তর্জাতিক নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ে কূটনৈতিক, আইনগত এবং আঞ্চলিক সহযোগিতাভিত্তিক সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।